কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন হাসিনা
- আপডেট সময় : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 40
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়ে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “দেশে থাকার জায়গা নেই বলেই এখন কলকাতায় অফিস খুলে দলীয় কার্যক্রম চালাতে হচ্ছে শেখ হাসিনাকে।” তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বিরোধী দলের পরিচয় মানেই ‘জঙ্গি’ এই তকমা দিয়ে রাজনীতি পরিচালনা করেছে। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি, বরং শেখ হাসিনাকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।
বক্তব্যে তিনি ভারত সরকারের উদ্দেশে প্রশ্ন রাখেন, “পলাতক শেখ হাসিনাকে ভারত কেন পুশ ব্যাক করছে না?” তার দাবি, বর্তমানে দেশের বাইরে থেকে পরিচালিত এই ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অংশ।
এর আগে বিবিসি বাংলার এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগের বেশ কিছু নেতা ও প্রভাবশালী ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছেন এবং কলকাতার একটি বাণিজ্যিক এলাকায় একটি ‘অঘোষিত’ পার্টি অফিস চালু করেছেন, যেখানে দলীয় বৈঠকসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।












