কলকাতায় গোপনে চালু ‘আওয়ামী লীগের পার্টি অফিস’
- আপডেট সময় : ০৯:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 34
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশত্যাগ করে পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের একটি বড় অংশ বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছেন। এবার জানা গেল, সেখানেই একটি গোপন ‘আওয়ামী লীগের পার্টি অফিস’ খোলা হয়েছে এবং সেখানে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিষয়টি সম্প্রতি বিবিসি বাংলার একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, কলকাতার একটি বাণিজ্যিক এলাকার বহুতল কমপ্লেক্সে রয়েছে এ অফিস। অফিস কক্ষটি বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটি কোনো রাজনৈতিক দলের কার্যালয়। নেই কোনো সাইনবোর্ড, নেতাদের ছবি বা দলীয় পরিচিতির কোনো চিহ্ন। ভেতরে পুরনো চেয়ার-টেবিলেই সীমিত আকারে দলীয় বৈঠক হয়। এক নেতা জানিয়েছেন, সচেতনভাবেই বঙ্গবন্ধু বা শেখ হাসিনার ছবি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে পরিচয় গোপন থাকে।
তিনি আরও জানান, ৩০-৩৫ জনের ছোট বৈঠক এই অফিসেই হয়, তবে বড় মিটিংয়ের জন্য ভাড়া নেওয়া হয় ব্যাংকয়েট হল বা রেস্টুরেন্টের একটি অংশ। এ ছাড়াও বিভিন্ন নেতার বাসায়ও ছোটখাটো আলোচনা হয়।
বিবিসি জানিয়েছে, বর্তমানে প্রায় ২০০ জনের মতো আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য কলকাতা ও আশপাশে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন। অনেকে সপরিবারে আছেন, আবার কেউ কেউ দলবেঁধে একসঙ্গে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। কারও কারও পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকেও কলকাতায় এসে কিছুদিন কাটান।
নেতাদের কেউ কেউ কলকাতা থেকে আবার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে পাড়ি দিয়েছেন। রাজনৈতিক নিরাপত্তা এবং সংগঠনের ধারা টিকিয়ে রাখতেই এই ‘অঘোষিত’ পার্টি অফিস খোলা হয়েছে বলে জানা গেছে। তবে কলকাতার ঠিক কোন এলাকায় এই অফিসটি অবস্থিত, তা প্রকাশ করেনি বিবিসি।












