বাবরকে নিয়ে এনসিপি নেতার বিরূপ মন্তব্যে প্রতিবাদ বিক্ষোভ
- আপডেট সময় : ০২:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 43
অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বিএনপি সরকারের আমলে আলোচিত ‘দশ ট্রাক অস্ত্র মামলার’ সাথে জড়িয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছে স্থানীয় বিএনপি নেতারা।
রবিবার বিকেলে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বিএনপির কার্যালয়ে পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে উপজেলা পরিষদ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনসহ স্থানীয় নেতারা। তারা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং বাবরের সুনাম ক্ষুণ্নের প্রচেষ্টা বন্ধের আহ্বান জানান।












