নির্বাচন প্রক্রিয়া দ্রুত করতে সরকারের প্রতি আহ্বান বিএনপির
- আপডেট সময় : ০২:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 37
অনলাইন ডেস্ক:
বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছে এবং সরকারের প্রতি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৪ জুলাই) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছি। আশা করি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার, সেটি বাস্তবায়নে তারা পদক্ষেপ নেবে।”
তিনি আরও বলেন, “সরকারের ঘোষণার পর যেন এ নিয়ে কোনো অস্পষ্টতা না থাকে, সেকথা আমরা জানিয়েছি। প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি সে ব্যবস্থা নেবেন।” বিএনপি মহাসচিব মনে করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘনঘন মতবিনিময় হলে দেশের সংকট কমে আসবে।
এর আগে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ২০ সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন দলটির সভাপতি মৃগেন হাগিদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।
অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার তো রাজনৈতিক সরকার নয়। তাই কিছু দুর্বলতা থাকাই স্বাভাবিক।” তিনি মনে করিয়ে দেন, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠী কমিটি অনুমোদন করেছিলেন।












