আমি যে কই, বাপ-দাদার নাম নেই, চাঁন মল্লের বেয়াই: ফজলুর রহমান
- আপডেট সময় : ০৫:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 42
অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে কড়া ভাষায় আক্রমণ করে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। গতকাল শুক্রবার (১১ জুলাই) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি স্থানীয় ভাষায় বলেন, “শাপলা না পাইলে ধানের শীষেও ভোট করতে দিবে না—এইরকম কথা বলতেছে এনসিপি।”
ফজলুর রহমান বলেন, “আমি কই, বাপ-দাদার নাম নেই চাঁন মল্লের বেয়াই! বিএনপির একটা ওয়ার্ডের কর্মী ঢাকায় বাহির হইলে তোদের ফাত্তা পাওয়া যাইতো না। এখন কয় ধানের শীষকেও বাতিল কইরা দেবে। আমি কথাগুলা কঠিনভাবে বলতেছি, কারণ ওরা সীমা ছাড়াই কথা বলছে।”
বক্তব্যে জামায়াত প্রসঙ্গেও তিনি বলেন, “আমি জামায়াতের বিরুদ্ধে কথা বলি, স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে কথা বলি—এই কারণে আমি খারাপ হয়ে গেছি? তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, আর আমি চাই বাংলাদেশকে বাংলাদেশ রাখি। পাকিস্তানের দিকে যেন দেশ না ফিরে যায়, সে জন্য এই স্বাধীনতাবিরোধীদের ভোটের মাধ্যমেই প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মায়ের নাম মুক্তিযুদ্ধ, বাপের নামও মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হতো না। এই দেশ আমাদের মা-বাবা, আমরা এই দেশের সন্তান। তাই দেশটা আমরা রাখবো কিনা, সেটা আমাদের সিদ্ধান্ত। যারা স্বাধীনতার বিরোধী, তারা যদি ভোটে না আসে, আমরা তাদের বিরুদ্ধে লড়বো।”
প্রসঙ্গক্রমে তিনি বলেন, “আমাদের নেতা জিয়াউর রহমান স্পষ্ট করে বলেছিলেন—‘I, Major Ziaur Rahman, hereby declare the independence of Bangladesh’। কাজেই এই দেশ থাকলে আমরাই জনগণের ভোট আদায়ের দায়িত্ব নেবো।”
আওয়ামী লীগ ও এনসিপিকে সমালোচনা করে তিনি বলেন, “তারা এখন বলছে, নৌকা গেল, এবার ধানের শীষকেও বিদায় করো। দুই সাপের এক বিষ—এমন তুলনা দিয়ে ধানের শীষকেও নিষিদ্ধ করতে চায়। এদেরকে ভোটের মাঠে প্রতিহত করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাইদ আহমেদ, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন প্রমুখ।












