মোহাম্মদপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা
- আপডেট সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 49
অনলাইন ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে চাঁদাবাজির প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ডিএনসিসির অঞ্চল-৫ কার্যালয়ের সামনে সংঘটিত ওই হামলায় অন্তত ছয়জন এনসিপি নেতাকর্মী আহত হয়েছেন। হামলায় দেশীয় অস্ত্র ব্যবহার করে তাদের মারধর ও লুটপাট চালানো হয় বলে দাবি করেছে এনসিপি।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি মার্কেটে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিল। সেই অনিয়মের প্রতিবাদ জানিয়ে বৈধ দোকানদারদের অধিকার ফিরিয়ে দিতে এনসিপির মোহাম্মদপুর থানা শাখার নেতারা মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ কার্যালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন মো. মোস্তাকিম, অ্যাডভোকেট লুৎফুল কবির সুজন, জাবেদ, শাওনসহ অনেকে।
প্রতিনিধিরা কার্যালয়ে পৌঁছানোর পরপরই মাহবুব আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ঘিরে ফেলে। এরপর তাদের একটি কক্ষে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। হামলায় মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আহতদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত মাহবুব আলম আওয়ামী লীগ আমল থেকেই ডিএনসিসিতে মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তিনি টেন্ডার বাণিজ্য, তদবির ও চাঁদাবাজিতে সক্রিয়। মোহাম্মদপুর এলাকায় ময়লা ব্যবস্থাপনা, ফুটপাত এবং বাজার কেন্দ্রিক চাঁদা আদায়ে তিনি একপ্রকার ত্রাসের রাজত্ব চালাচ্ছেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, “এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে প্রাথমিকভাবে শুনেছি। তারা লিখিত অভিযোগ তৈরি করছেন। অভিযোগ পাওয়ার পর যথাযথ তদন্ত করা হবে।”
এনসিপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।












