নির্বাচন প্রস্তুতি নির্দেশনায় সরকারের প্রশংসা করলেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 47
অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে সরকারের দেওয়া নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের জনগণ ভোটাধিকার রক্ষায় প্রাণ দিয়েছে, তাই এ উদ্যোগ যথার্থ। নির্বাচন নিয়ে আর কোনো জটিলতা সৃষ্টি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ফখরুল জানান, জুলাই গণঅভ্যুত্থানকে বিএনপি যথাযথ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেছে এবং সেই প্রেক্ষিতে “জুলাই সনদ”-এর সুপারিশপত্র বুধবার রাতে সরকারের কাছে জমা দিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা সংস্কারকে স্বাগত জানাই। কেউ যদি বলে, বিএনপি সংস্কারের পথে বাধা দিচ্ছে, তাহলে তা ভুল ব্যাখ্যা।” তিনি দাবি করেন, গত ১৭ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। “এই বাস্তবতা পাশ কাটিয়ে যাওয়া যায় না,” বলেন তিনি।
দেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”
সীমান্ত হত্যা ও পুশইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, “এটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সরকারের উচিত ভারতের সঙ্গে কঠোরভাবে দরকষাকষি করা।” একই সঙ্গে ন্যায্য পানির প্রাপ্তি নিয়েও আন্তরিক আলোচনার আহ্বান জানান তিনি।
গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে ফখরুল বলেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে জাতিগত ঐক্য গড়ে তোলা। বিভক্তির নয়, বরং সংহতির সময় এখন।”
সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খুরশীদ আলম। আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজের নেতারা, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার, এবং প্রবাসী সাংবাদিক ইমরান আনসারীসহ আরও অনেকে।












