আন্দোলনকারীরা নেই, দেড় মাস পর সচল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
- আপডেট সময় : ০৯:১৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 47
অনলাইন ডেস্ক:
দেড় মাসেরও বেশি সময় ধরে মেয়র শপথের দাবিতে চলা অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ নাগরিকদের মাঝে।
সোমবার (৩০ জুন) সকালে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত। আগত নাগরিকদের জন্মনিবন্ধন, ট্যাক্স প্রদানসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে দ্রুততার সঙ্গে।
নগর ভবনের প্রধান ফটক এবং অভ্যন্তরে এখনও মেয়র প্রত্যাশী বিএনপি নেতা ইশরাক হোসেনের ব্যানার দেখা গেলেও আন্দোলনকারী কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকার ফলে এখন অতিরিক্ত চাপ সামাল দিতে হচ্ছে। পুরোনো ফাইলের কাজের পাশাপাশি নতুন আবেদনও সমানতালে পরিচালিত হচ্ছে। সবচেয়ে বেশি চাপ পড়েছে জন্মনিবন্ধন, প্রকৌশল ও রাজস্ব বিভাগে।
হাতিরপুল থেকে ট্যাক্স দিতে আসা নাগরিক ইমন বলেন, “এর আগে এসে ফিরে যেতে হয়েছিল। আজ কোনো ঝামেলা ছাড়াই ট্যাক্স দিতে পেরেছি।”
একইভাবে মগবাজার থেকে জন্মনিবন্ধনের আবেদন করতে আসা ফিরোজ রহমান জানান, “গত সপ্তাহে সার্ভারের সমস্যার কারণে কাজ হয়নি। এর আগেও আন্দোলনের কারণে আসতে পারিনি। নাগরিক সেবা বন্ধ রেখে আন্দোলন না করে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।”
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন বলেন, “গত শনিবার থেকে সব বিভাগ পুরোদমে চালু হয়েছে। নাগরিকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত।”
আন্দোলন সম্পর্কে তিনি জানান, “ঢাকাবাসীর ব্যানারে চলা আন্দোলন বর্তমানে স্থগিত আছে। নগর ভবনে কেউ অবস্থান করছে না।”












