ক্ষমতায় গেলে ১৮ মাসে কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি
- আপডেট সময় : ০২:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 53
অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসেই ১ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে তথ্যপ্রযুক্তি খাতে। এসএসসি পাস তরুণ-যুবকদের জন্য আইটি সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
শনিবার সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত ‘সিলেট বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, আগের মতো রাজনীতি করলে আর চলবে না। দেশের মানুষের মনোভাব ও মানসিকতা অনেক পরিবর্তিত হয়েছে। ব্যবসা-বাণিজ্যকে রাজনীতির প্রভাবমুক্ত ও ফ্যাসিস্টমুক্ত রাখতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনৈতিক সৃজনশীলতা ধ্বংস করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ শুরু করবে, একদিনও দেরি হবে না। বিশেষ করে কৃষিতে বিনিয়োগকে উৎসাহিত করা হবে এবং কৃষিপণ্যের বৈদেশিক রপ্তানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। যৌথভাবে সংলাপ পরিচালনা করেন নগর বিএনপির সহ-সভাপতি রিয়াসদ আজিম এবং কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাবেক সভাপতি ফজলুল হক। আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী এবং ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
অনুষ্ঠানে বক্তারা অর্থনীতি, কর্মসংস্থান, কৃষি ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন এবং দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।












