‘দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবে একমত বিএনপি, নিয়োগ কমিটি নিয়ে আপত্তি
- আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 75
অনলাইন ডেস্ক: একজন ব্যক্তি যেন টানা ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী না থাকতে পারেন—ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। তবে সংবিধানে সাংবিধানিক নিয়োগ কমিটি গঠনের প্রস্তাবে দলটি দ্বিমত জানিয়েছে।
বুধবার (২৫ জুন) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “৫ম সংশোধনীর মূলনীতি এবং ঐকমত্য কমিশনের নতুন কিছু প্রস্তাবনায় বিএনপি সম্মত হয়েছে, তবে এখনো তা নিয়ে পূর্ণ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।”
সাংবিধানিক নিয়োগ কমিটি গঠনের প্রস্তাবের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার—বিদ্যমান আইনের আলোকে একটি সংস্কারযোগ্য প্রক্রিয়া থাকলে কমিশন বা সার্চ কমিটি দিয়েই নিয়োগ সম্পন্ন করা সম্ভব। সংবিধানে নতুন কোনো বডি তৈরির প্রয়োজন নেই।”
তিনি আরো বলেন, “আইনের সংস্কার না করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা অর্থহীন। অতীতে কেউ স্বৈরাচারী আচরণ করেছে বলে এখন নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা গণতন্ত্রের জন্য সহায়ক হবে না।”
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ করার বিষয়ে তিনি বলেন, “একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না—এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিএনপি একমত।”












