‘মব জাস্টিস’ মানবতার শত্রু, গণতন্ত্রকে গতিশীল করতে হবে: তারেক রহমান
- আপডেট সময় : ০১:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 54
অনলাইন ডেস্ক:
‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে, যা গণতান্ত্রিক সংস্কৃতি ও পরিবেশকে বিপন্ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “এই দিবসটি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানানোর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি তারিখ নয়—বরং মানবতার পক্ষে অবস্থান গ্রহণের দিন। বর্তমান বিশ্বে নির্যাতন, সহিংসতা ও সংঘাত বন্ধ হয়নি। বহু দেশে স্বৈরাচারী শাসকগোষ্ঠী বিরোধী মতের মানুষদের গুম, খুন, নির্যাতন ও দীর্ঘকাল কারাবন্দি করে রাখছে।”
তিনি বলেন, বাংলাদেশেও প্রায় ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র বন্দি ছিল। বাকস্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারকে হরণ করা হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি রাখা হয়েছিল, এমনকি চিকিৎসার ক্ষেত্রেও নিষ্ঠুর বাধা দেওয়া হয়েছে।
তারেক রহমান আরও অভিযোগ করেন, “আওয়ামী সরকারের সময় মানবতাবিরোধী আচরণের প্রতিবাদ করলেই লেলিয়ে দেওয়া হতো পেটোয়া বাহিনী। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছিল। নারী ও শিশুরাও নিরাপদ ছিল না। গণতন্ত্রহীন সমাজেই এসবের জন্ম হয়।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বর্তমানে ‘মব জাস্টিস’ নামক হিংস্র প্রবণতা মানবতার জন্য বড় হুমকি। এটি কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একমাত্রিক রাষ্ট্র পুনঃপ্রবর্তন যেন না হয়, এজন্য গণতন্ত্রের ধারাবাহিকতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে। মানবতা, আইনের শাসন, ন্যায়বিচার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্যই পারে আমাদের ভবিষ্যৎ রক্ষা করতে।”
তারেক রহমান আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সব নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জানান এবং বলেন, “গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসেই স্বৈরাচারী ও নির্যাতনকারী শক্তিকে পরাজিত করা সম্ভব।”












