‘সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চায় জামায়াত’
- আপডেট সময় : ০৯:১৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 51
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির পুনরায় নিবন্ধন ফিরিয়ে দেওয়াকে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে উল্লেখ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হামিদুর রহমান বলেন, “দলের নিবন্ধন ফিরে পাওয়ার মাধ্যমে আমাদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না। তবে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সমান সুযোগ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, দলটি সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চায়, যাতে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট ও অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর আহ্বান জানানো হয়েছে।
নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে জামায়াতের এ নেতা বলেন, “নির্বাচন যেন টাকার প্রভাবে প্রভাবিত না হয়, সে জন্য কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।”
স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলন ঘটে না। তাই আমরা চাই, জাতীয় নির্বাচনের আগে একটি নিরপেক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।”
বৈঠকে জামায়াতের তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। নেতৃত্ব দেন ড. হামিদুর রহমান আযাদ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, অংশীজনদের সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রেখে নির্বাচন কমিশনের কাজ করাই সময়ের দাবি। কমিশনের প্রতি আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী।












