আন্দোলনকে ভিন্ন খাতে নিতে হামলা, বললেন ইশরাক হোসেন
- আপডেট সময় : ০২:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 56
অনলাইন ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (নগর ভবন) পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে নাগরিক সেবা ব্যাহত করার অভিযোগ তুলেছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, এর মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চক্রান্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। ইশরাক বলেন, ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য শান্তিপূর্ণ আন্দোলনকে চিরতরে ভেঙে দেওয়া। যারা এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তির দোসররা হামলা চালিয়েছে। আন্দোলনকারীরা নাগরিক সেবা চালুর উদ্যোগ নিলে প্রতিপক্ষ নানা ষড়যন্ত্র করে তা বাধাগ্রস্ত করার চেষ্টা চালায়। তবে সব বাধা পেরিয়ে সেবা কার্যক্রম চালু রাখা হয়, যা গত দুই দিন ধরে সুন্দরভাবে চলছিল। নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসায় প্রতিপক্ষ নতুন কৌশলে চক্রান্ত বাস্তবায়ন করেছে।
ইশরাক আরও বলেন, ‘আজ আমার নামে স্লোগান দিয়ে ফ্যাসিস্টদের সহযোগীরা নগর ভবনে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা আন্দোলনের সামনের সারির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।’ তিনি বলেন, হামলাকারীরা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে—একদিকে তার নাম ব্যবহার করে সেবার পরিবেশ নষ্ট ও আতঙ্ক সৃষ্টি, অন্যদিকে আন্দোলনকারীদের ভয় দেখিয়ে আন্দোলন দমন করা।
তিনি সরাসরি অভিযোগ করে বলেন, গোলাম কিবরিয়া রুবেল ও আরিফুজ্জামান প্রিন্সের নেতৃত্বে এই হামলা হয়। তাদেরকে তিনি ফ্যাসিবাদের দোসর এবং আওয়ামী আমলের সুবিধাভোগী বলে আখ্যা দেন। বিশ্বস্ত সূত্রের বরাতে তিনি জানান, এরা স্থানীয় সরকারের উপদেষ্টার গাড়ি ব্যবহার করত।
হামলায় আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। ইশরাক জানান, হামলায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের বুকে ছুরিকাঘাতে ফুসফুসে ছিদ্র হয়েছে। অন্য দুইজনের পা ও বুকে কুপিয়ে জখম করা হয়েছে। এছাড়া আরও ৮-১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, যাদের মাথা ও হাঁটুতে হাতুড়িপেটা করা হয়েছে।
কয়েকটি গণমাধ্যম হামলার ঘটনা ভিন্নভাবে প্রচার করছে উল্লেখ করে তিনি বলেন, হাতে গোনা কিছু মিডিয়া হাউসে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে। তারাই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।












