দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত
- আপডেট সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 53
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের (ইসি) কাছে রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন পুনঃপ্রাপ্ত হয়েছে। পাশাপাশি দলটি তাদের পূর্বের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাও ফিরিয়ে পেয়েছে। মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের ‘Representation of the People Order’ এর ৯০বি ধারা অনুযায়ী জামায়াতকে ২০০৮ সালের ৪ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছিল। তবে ২০০৯ সালে বাংলাদেশ তরীকত ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলে ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিলকারীর অনুপস্থিতির কারণে আপিল বিভাগ মামলাটি খারিজ করে দেন।
পরে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতের পক্ষ থেকে মামলা পুনরুজ্জীবিত করার জন্য নতুন আবেদন করা হয়। শুনানির পর গত ২২ অক্টোবর আপিল বিভাগ আবেদনটি গ্রহণ করে পুনরায় শুনানির সুযোগ দেন। এরপর কয়েক দফা শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে দলটির নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেন।
এই নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২০১৮ সালের ২৮ অক্টোবরের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে জামায়াতে ইসলামী আবারও রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল এবং তাদের পুরনো প্রতীক দাঁড়িপাল্লাও ফিরিয়ে দেওয়া হলো।












