মুসলিম বিশ্বকে মহাযুদ্ধের প্রস্তুতির আহ্বান হেফাজতের
- আপডেট সময় : ০৪:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 54
অনলাইন ডেস্ক:
ইসরাইলকে মানবতা ও শান্তির শত্রু আখ্যা দিয়ে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নিতে মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। শনিবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, চলমান ইরান-ইসরাইল যুদ্ধে গণহত্যাকারী দখলদার জায়োনিস্ট ইসরাইলের ধ্বংস কামনা করি। মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে রাখতে মার্কিন শাসকগোষ্ঠী সবসময় ইসরাইলের আগ্রাসন ও যুদ্ধাপরাধকে সমর্থন দিয়ে আসছে। পাশাপাশি বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্যও সরবরাহ করছে। তাদের মতে, জার্মানিসহ ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত।
নেতৃবৃন্দ আরও বলেন, ইসরাইল একা নয়; এর ভাগ্য যুক্ত আছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইউরোপের শীর্ষ শক্তিগুলোর সঙ্গে। ফলে বিশ্ব দ্রুত একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে আধুনিক যুদ্ধকৌশল ও সামরিক সক্ষমতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা বাড়িয়ে আসন্ন যুদ্ধে প্রস্তুতি নিতে হবে।
বিবৃতিতে তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চলার সময় তথাকথিত মানবতার রক্ষক আমেরিকা নিশ্চুপ থাকে। আর ইসরাইল যখন প্রতিরোধের শিকার হয় তখন ইউরোপ-আমেরিকা হৈচৈ শুরু করে। এভাবে তারা শান্তির নাম করে বারবার যুদ্ধ ও ধ্বংস ডেকে এনেছে, মুসলিম বিশ্বকে পদানত করতে চেয়েছে। তবে শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে পালাতে বাধ্য হয়েছে।
নেতারা আরও দাবি করেন, মুসলিম বিশ্বের ওপর বারবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। ইরানকেও যুদ্ধে নামতে বাধ্য করেছে আমেরিকা ও ইসরাইল। ইরানকে দমন করতে পারলে অন্যান্য প্রভাবশালী মুসলিম দেশগুলোতেও একই ধরনের আগ্রাসন চালানো হতে পারে। ইউরোপ-আমেরিকা চায় না কোনো মুসলিম দেশ সামরিকভাবে শক্তিশালী হোক। এই আধুনিক ক্রুসেড তাদের পুরনো ষড়যন্ত্রেরই রূপান্তর। তারা বলেন, ইসরাইলের ধ্বংসের সঙ্গে সঙ্গে এ শক্তিগুলোর পতনও অনিবার্য ইনশাআল্লাহ।












