সংসদীয় কমিটির সভাপতির পদ পাবে বিরোধী দল: সালাহউদ্দিন
- আপডেট সময় : ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 57
অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া হবে। এর মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেটস কমিটি এবং পাবলিক আন্ডারটেকিং কমিটি রয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবিধান সংশোধনী নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সংবিধানের ৬৯ অনুচ্ছেদ সংশোধন নিয়ে সব দলই আস্থা ভোট ও অর্থ বিলের ক্ষেত্রে সংসদ সদস্যদের দলীয় অবস্থান অনুসরণের বিষয়ে একমত হয়েছে। তবে অন্যসব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এই বিষয়টি জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট সব দলের স্বাক্ষর থাকবে।
সালাহউদ্দিন আহমেদ আরও জানান, বিএনপির পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে যাতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ না রাখার সুপারিশ করা হয়েছে। এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং বিএনপি দায়িত্বপ্রাপ্ত হলে এ প্রস্তাব সংযুক্ত করার সুযোগ থাকবে।
নারীদের জন্য ১০০টি আসন সংরক্ষণের বিষয়েও সব দলের মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। তবে এসব আসনের নির্বাচনি পদ্ধতি ঠিক কীভাবে হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।












