তারেক রহমানের আগমনে ঢাকায় স্বাগত মিছিলে জড়ো হতে পারে ১০ লাখ মানুষ
- আপডেট সময় : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 51
অনলাইন ডেস্ক:
গত শুক্রবার লন্ডনের পার্ক লেনের একটি হোটেলে বিএনপির প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই। তিনি যখন ইচ্ছা ফিরতে পারবেন।
এদিকে, দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈঠকের সাফল্যে বিএনপি শিবিরে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচনি তফশিল ঘোষণার আগেই—অথবা ৫ আগস্টের মধ্যে তারেক রহমান ঢাকায় ফিরবেন। সেদিন তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে আসা লাখো নেতাকর্মীর ঢল নামবে রাজধানীর রাস্তায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশলী ভূমিকার প্রশংসা চলছে। অনেকে মনে করছেন, লন্ডন বৈঠক বিএনপির রাজনৈতিক অস্থিরতা দূর করেছে এবং নির্বাচনি প্রস্তুতিকে আরও বেগবান করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক বিএনপির জন্য বড় সাফল্য এবং সরকার ও দলের মধ্যে বিরাজমান বৈরী সম্পর্ক কমাতে সহায়ক হয়েছে। একপক্ষের ভাষায়, এটি ‘ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক’ বসিয়ে দিয়েছে।
অন্যদিকে লন্ডন বৈঠকের পর নির্বাচন ঘিরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নেমে পড়েছে। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় প্রচারণা শুরু করেছেন এবং আসন ভাগাভাগি ও সমঝোতা নিয়েও চলছে জোর আলোচনা।
সব মিলিয়ে দীর্ঘদিন পর বিএনপি শিবিরে এক নতুন আশার সঞ্চার হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।












