শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান
- আপডেট সময় : ১১:০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / 56
অনলাইন ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। যদিও নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি, তবে তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে—দলটি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুত।
এ সময় তিনি জানান, লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের আসন্ন বৈঠকের দিনক্ষণও নির্ধারণ করা হয়েছে। এই বৈঠক রাজনৈতিক অচলাবস্থার নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এপ্রিল মাসে নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, “এই বিষয়ে আমরা এখনো দলগত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে আমরা আশা করি সরকার বাস্তবতা বিবেচনায় বিষয়টি পুনর্বিবেচনা করবে।”
তিনি জানান, এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। তিনি বলেন, “রোজা, ঈদ এবং তীব্র গরমের মাঝে নির্বাচন পরিচালনা করা অত্যন্ত কঠিন। নির্বাচনী প্রচারণা চালানো, জনসভা আয়োজন এবং ভোটারদের সম্পৃক্ত করাটা হবে এক বিশাল চ্যালেঞ্জ। রোজার মাসে প্রার্থীদের খরচও দ্বিগুণ হবে। আমরা সবসময় নির্বাচনী খরচ কমানোর পক্ষে, কিন্তু এই পরিস্থিতিতে খরচ আরও বেড়ে যাবে।”
আবহাওয়াজনিত সমস্যা নিয়েও শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “এপ্রিলে প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি—সবকিছু মিলে দিনভর কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়বে। দিনের বেলা জনসভায় লোক আনাও কঠিন হয়ে পড়বে। রাতের বেলা মিটিং করতে হবে, যা দেশের বাস্তবতায় সমস্যার সৃষ্টি করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন হয়ে থাকে। অতীতে দু’একবার ব্যতিক্রম ঘটলেও তখন নানা জটিলতা দেখা দিয়েছিল।”












