লন্ডন বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস আনবে, বললেন রিজভী
- আপডেট সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / 69
অনলাইন ডেস্ক:
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন বৈঠককে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১১ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, “গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে আছে। আমি বিশ্বাস করি, তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক একটি যুগান্তকারী রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে। এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটে আশার আলো দেখা যাবে।”
তিনি জানান, আগামী শুক্রবার লন্ডনে দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে চলমান রাজনৈতিক জটিলতা ও আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের পরিকল্পনা করেছেন। তবে বিএনপি চায় এই নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরেই অনুষ্ঠিত হোক।
রিজভী বলেন, “বিএনপি ইতোমধ্যে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেছে। জনগণও চায় অবিলম্বে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব বলে আমরা বিশ্বাস করি।”
প্রতিবেশী ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, “ভারত বাংলাদেশের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করছে। শেখ হাসিনার পতনের পর ভারতের আচরণ আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। সীমান্ত এলাকায় অবৈধ পুশইনের হিড়িক চলছে। বাংলাদেশ কি বিদেশি লোক ঢুকিয়ে দেওয়ার জায়গা? জনগণ এসব মেনে নেবে না।”
তিনি বলেন, “ভারত যদি পুশইন বন্ধ না করে, তাহলে বাংলাদেশের জনগণ শুধু প্রতিবাদই নয়, প্রয়োজনে প্রতিরোধও গড়ে তুলবে।”
করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “ভারতে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। ইতোমধ্যে ৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারকে দ্রুত প্রস্তুতি নিতে হবে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।”












