“প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম”-অলি আহমেদ
- আপডেট সময় : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / 65
অনলাইন ডেস্ক:
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ সম্প্রতি দাবি করেছেন, তাঁকে একাধিকবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিবারই তা ফিরিয়ে দিয়েছেন। সাবেক এই মুক্তিযোদ্ধা বলেন, ১৯৯৫ সালে আওয়ামী লীগ ও জামায়াত যখন বিএনপির বিরুদ্ধে কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন করছিল, তখন আওয়ামী লীগ তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল।
জনপ্রিয় টকশো ‘ঠিকানা’তে উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে আলাপকালে অলি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার চাচা হাফিজ এবং নেতা আ খ ম জাহাঙ্গীর তাঁর বাসায় এসে জানান, সংসদে একটি ক্যু’র মাধ্যমে খালেদা জিয়াকে অপসারণ করে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে বসানোর পরিকল্পনা রয়েছে। প্রথমে আলোচনা গ্রহণযোগ্য মনে হলেও, শেষমেশ রাজনৈতিক ও নৈতিক মূল্যবোধের কারণে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
তিনি আরও বলেন, “আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি যেন বেইমানি না করি। শেখ হাসিনাকে নিজেই ফোন করে বলেছিলাম, আমি এই প্রস্তাবে রাজি নই।”
অলি আহমেদ দাবি করেন, ২০১৪ ও ২০১৮ সালেও তাঁকে আওয়ামী লীগের পক্ষ থেকে বিপুল অর্থ ও মন্ত্রিত্বের প্রলোভন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেগুলো প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, “অনেকেই প্রথমবার প্রস্তাব পেয়ে রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু আমি কখনও জনগণের সঙ্গে বা নিজের আদর্শের সঙ্গে বেইমানি করিনি।”
অলি আহমেদ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং জিয়াউর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ২০০১ সালের পর থেকে তিনি বিএনপির মূলধারার বাইরে এলেও, সাম্প্রতিক সময় পর্যন্ত যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন।












