প্রধান উপদেষ্টা এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায়
- আপডেট সময় : ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 58
অনলাইন ডেস্ক:
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে ড. ইউনূস এবং তার কিছু পোষা ছাত্রছাত্রী ছাড়া সবাই নির্বাচন চায়। কারণ নির্বাচিত একটি অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে ভালো।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
রাজনীতিবিদদের হেয় করার প্রবণতার বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘‘ওয়ান-ইলেভেনের সময় যেভাবে রাজনীতিবিদদের চরিত্র হনন করা হয়েছিল, বর্তমানে আবার একই প্রবণতা দেখা যাচ্ছে। গত কয়েক মাস ধরে আমি এমন পরিস্থিতি লক্ষ্য করছি।’’
আন্দোলনকালীন অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আমরা যখন আন্দোলন করেছি, তখন এরা ছাত্রলীগ হয়ে লুকিয়ে ছিল। নুরুল হক নুরু মার খেয়েছে, আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সাকি ভাই আন্দোলন করেছেন, মার খেয়েছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে— আমরা সেই দিনগুলো পার করেছি। এখন আমাদের কথায় কথায় ভারতের দালাল, ‘র’-এর এজেন্ট বলে অপবাদ দেওয়া হচ্ছে।’’
ড. ইউনূস ও নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া সবাই নির্বাচন চায় উল্লেখ করে রুমিন বলেন, ‘‘এ দেশে ড. ইউনূস এবং তার কিছু পোষা ছাত্রছাত্রী ছাড়া সবাই নির্বাচন চায়। প্রশাসন, রাজনৈতিক দল, নিবন্ধিত-অনিবন্ধিত সব দল নির্বাচন চায়। সেনাবাহিনী নির্বাচন চায়। বিদেশিরাও নির্বাচন চায়। নির্বাচন চায় না শুধু এ সরকার।’’
বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘‘সরকার উপরের দিক দিয়ে চমৎকার প্রেজেন্টেশন দিলেও বাস্তবে চিত্র ভিন্ন। প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম ৯ মাসের তুলনায় গত বছরের একই সময়ের চেয়ে বিনিয়োগ ২৬ শতাংশ কমেছে।’’
সবশেষে রুমিন ফারহানা বলেন, ‘‘আমি শুধু একটা কথাই বলবো— নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে ভালো।’’












