জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্রকে মুক্ত করার জন্য
- আপডেট সময় : ১১:০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / 53
অনলাইন ডেস্ক:
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৮ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্রকে মুক্ত করার জন্য। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের দুর্ভাগ্য হলো, অবাধ নির্বাচন নিয়ে বারবার গড়িমসি করা হয়। ক্ষমতায় এলেই সবাই সেটাকে চিরস্থায়ী করতে চান। এখন প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকারও কি সেই একই ধারায় পড়ছে?”
তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস সর্বস্তরের মানুষের সমর্থন পেয়েছেন। তারপরও দেশে গণতন্ত্র টানাপোড়েনের মধ্যে রয়েছে।”
এপ্রিলে নির্বাচন হলে রমজান মাসের সঙ্গে প্রচারণার সময় মিলে যাবে, এতে জনগণের ভোগান্তি বাড়বে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, “এ কারণেই আমরা দাবি জানাচ্ছি, এ বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে। অন্যথায় এ সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।”












