“নিজেই শপথ পড়ে মেয়রের চেয়ারে বসবো”: নগর ভবনে ইশরাক হোসেনের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৪:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / 49
অনলাইন ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে অবিলম্বে শপথ গ্রহণের সুযোগ না দিলে নিজেই জনগণের সামনে শপথ পাঠ করে মেয়রের চেয়ারে বসার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও ডিএসসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে নগর ভবনের সামনে মেয়র পদে দায়িত্ব হস্তান্তরের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক বলেন, “এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে—অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে মেয়রের চেয়ারে বসবো।”
তিনি বলেন, “নগর ভবন কীভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা কিংবা প্রশাসক দিয়ে নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না।”
মেয়র পদে দায়িত্ব হস্তান্তর নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে ইশরাক বলেন, “টালবাহানা করে মেয়রের পদে বসানোকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তা জনগণের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন ও সন্দেহ তৈরি করছে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে।”
বর্তমান উপদেষ্টা পরিষদের ওপর অনাস্থা প্রকাশ করে তিনি বলেন, “এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয়।”
চলমান কর্মসূচি সম্পর্কে ইশরাক বলেন, “ঈদ সামনে রেখে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা আপাতত অবস্থান কর্মসূচি স্থগিত করেছি। তবে ঈদের পরে দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।”
নগর ভবনের সামনে তার উপস্থিতিতে দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, এবং তারা “মেয়রের দায়িত্ব হস্তান্তর করো”—এমন নানা স্লোগানে নগর ভবন প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলেন।












