ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আবারও অবস্থান, সেবা কার্যক্রম স্থবির
- আপডেট সময় : ১০:৪১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 44
অনলাইন ডেস্ক:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১টা থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে শুরু হওয়া এ কর্মসূচিতে ধীরে ধীরে বাড়তে থাকে উপস্থিত নেতাকর্মীদের সংখ্যা।
সমর্থকদের এ বিক্ষোভে নগর ভবনের মূল ফটকসহ বিভিন্ন বিভাগের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়, যার ফলে আজও সিটি করপোরেশনের প্রায় সব সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধুমাত্র পরিচ্ছন্নতা বিভাগ সীমিত আকারে কাজ চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নগর ভবনের ভেতরের প্রবেশপথে অবস্থান নিয়ে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা স্লোগানে মুখর পরিবেশ তৈরি করেছেন। তাদের মুখে ছিল—
-
“শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না”,
-
“আমাদের দাবি মানতে হবে”,
-
“দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই”,
-
“অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”,
-
“শ্রমিক দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”—ইত্যাদি স্লোগান।
সিটি করপোরেশনের কর্মকর্তারা ফটক তালাবদ্ধ থাকায় অফিসে আসেননি। কেউ কেউ যোগাযোগ করেও ভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে গেছেন। এই পরিস্থিতিতে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
সমর্থকরা বলছেন, যতদিন না ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হচ্ছে, ততদিন তাদের আন্দোলন চলবে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












