দেশের সমস্যা বাইরে বলে লাভ নেই: আমীর খসরু
- আপডেট সময় : ০৫:১৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 45
অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সমাধান আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা নয়, বরং দেশের ভেতরে থেকেই করতে হবে। জনগণই হচ্ছে এ সংকট উত্তরণের একমাত্র শক্তি।
শুক্রবার (৩০ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই সভা অনুষ্ঠিত হয় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “আমরা এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছি। যত দ্রুত একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, ততই দেশের জন্য মঙ্গল। এখানে বিষয়টি দলীয় নয়—বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রত্যাশা করে, সেটাই মুখ্য বিষয়।”
নির্বাচনের মাধ্যমেই দেশের সংকট নিরসন সম্ভব উল্লেখ করে আমীর খসরু বলেন, “বিচার, সংস্কার বা অন্যান্য পরিবর্তনের জন্য যত প্রস্তাবই থাকুক না কেন, সবকিছুর মূল সমাধান দেশের জনগণের হাতেই। জনগণই একমাত্র অস্ত্র, এর বিকল্প নেই।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দলীয় কর্মীদের মাঝে যেসব ক্ষুদ্র মতবিরোধ বা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেগুলো এখন ভুলে যেতে হবে। দেশের বর্তমান বাস্তবতায় আমাদের স্পষ্ট লক্ষ্য এবং দ্রুতগতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে। পিছিয়ে পড়লে চলবে না, সামনে বড় চিত্র দেখতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে আমাদের পথ চলতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান।
সভায় প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম।
এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।












