“প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়” সালাহউদ্দিন আহমেদ
- আপডেট সময় : ০৪:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / 39
অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু বিএনপি নয়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলই জাতীয় নির্বাচন চায়। তিনি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, “উপদেষ্টা পরিষদে যেসব ব্যক্তি আছেন, তাদের ভূমিকা বিতর্কিত এবং পক্ষপাতদুষ্ট।”
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সালাহউদ্দিন।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সংস্কারে তাড়াহুড়ো করতে হবে। আমরা বলেছি, উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। সেখানে এমন কিছু ব্যক্তি আছেন, যারা নিরপেক্ষ নন। কেউ ২০ বছর বিদেশে থেকে এসেছেন, কেউ একটি দলের হয়ে কাজ করছেন। তারা গণতান্ত্রিক সংস্কার বাধাগ্রস্ত করছেন।”
জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সংস্কারের দাবি জানিয়ে সালাহউদ্দিন বলেন, “এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যেই সমস্ত সংস্কার সম্ভব। আপনি যদি না পারেন, আমাদের বলেন—আমরা করে দিই।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ইতোমধ্যে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি সমন্বিত কর্মসূচি প্রণয়ন করেছেন। স্বাস্থ্য কার্ড, রেশন কার্ডভিত্তিক খাদ্য সহায়তা, মেধাবীদের জন্য শিক্ষা, কৃষকদের উন্নয়নসহ নানান পরিকল্পনা রয়েছে।”
শেষে সালাহউদ্দিন বলেন, “এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত শক্তিশালী সরকার, যার ভিত্তি হবে ৩১ দফার রূপরেখায়। সাংবিধানিক কাঠামোকে শক্তিশালী করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য পথ তৈরি করা সম্ভব।”












