ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
- আপডেট সময় : ১১:৫৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / 61
অনলাইন ডেস্ক:
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ একটি আবেদন নিষ্পত্তির মাধ্যমে এ আদেশ দেন। আদালতে ইসির পক্ষে শুনানি উপস্থাপন করা হয়।
এর আগে, ২৮ মে (বুধবার) ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে গেজেট প্রকাশ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনতে দিন ধার্য করেছিলেন আদালত। একইসঙ্গে, তাকে শপথ গ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজের বিরুদ্ধে দায়ের করা ‘লিভ টু আপিল’-এর শুনানির দিনও নির্ধারণ করা হয়েছিল।
আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।
প্রসঙ্গত, ১৪ মে তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। এতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে বাধা দেওয়ার নির্দেশনা চাওয়া হয় এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
পরে ২৬ মে হাইকোর্ট উক্ত রিট খারিজ করে দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ দায়ের করা হয়, যার শুনানির পর আজ আপিল বিভাগ নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেয়।












