১৬ ঘণ্টায় ঢাকার দক্ষিণে স্বস্তিদায়ক পরিবেশ তৈরির ঘোষণা ইশরাক হোসেনের
- আপডেট সময় : ০৪:২৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 48
অনলাইন ডেস্ক:
বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আলোচিত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আশ্বাস দিয়েছেন, আগামী ১৬ ঘণ্টার মধ্যেই রাজধানীর দক্ষিণ অংশে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে ইশরাক বলেন, “শপথ কেবল একটি আনুষ্ঠানিকতা। আমি জনতার মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছি যেন আসন্ন কোরবানির ঈদের আগে বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত প্রস্তুতি থাকে।”
তিনি আরও জানান, উত্তর সিটির মেয়র না আসা পর্যন্ত তিনি প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। একই সঙ্গে দক্ষিণের সাবেক কাউন্সিলর এবং বিগত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে জোনভিত্তিক মনিটরিং টিম গঠন করা হবে বলে জানান তিনি।
ইশরাকের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকালের মধ্যেই তিনি নিজে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করবেন এবং দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কাজ করবেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার আদালতের এক রায়ে জানানো হয়, ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশনের গেজেট কার্যক্রম স্থগিত চেয়ে করা একটি রিট খারিজ হওয়ার মাধ্যমে তার শপথ গ্রহণের জটিলতা দূর হয়।
এই রায়ের পূর্বে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে নগর ভবন ঘেরাও করে ইশরাককে মেয়র করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তার সমর্থকরা। বৃহস্পতিবার রায় প্রকাশের পর তারা রায়ে সন্তোষ প্রকাশ করে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আপাতত তাদের সড়ক অবস্থান কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন।












