নির্বাচন ও সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: মাহমুদুর রহমান মান্না
- আপডেট সময় : ০৯:৩৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 62
অনলাইন ডেস্ক:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সাড়ে ৯ মাসেও একটি সংস্কার কার্যকর করতে পারেনি। নির্বাচন ও প্রশাসনিক ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার না করায় তিনি সরকারের সমালোচনা করেন।
বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কালের দাবি প্রকাশনী এ অনুষ্ঠানের আয়োজন করে।
মান্না বলেন, “অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ ছিল নির্বাচনী সংস্কার, অথচ তারা একটি সংস্কারও বাস্তবায়ন করতে পারেনি। ড. ইউনূসের উদ্যোগে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ১৬৬টি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, যার মধ্যে ১৪৬টি প্রস্তাবে সর্বসম্মতি ছিল। তবুও নির্বাচনের বিষয়ে সরকার নিরব কেন?”
তিনি আরও প্রশ্ন তোলেন, স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা বিদেশিদের হাতে চলে যাচ্ছে কিনা, তা নিয়ে সরকারকে জবাবদিহি করতে হবে। এছাড়া, একজন বিদেশি পাসপোর্টধারী ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “অন্তর্বর্তী সরকার তাদের নির্ধারিত সীমার বাইরে গিয়ে কাজ করছে। চট্টগ্রামে উচ্চ আদালতের আদেশে একজন মেয়র দায়িত্ব পালন করছেন, একই ধরনের আদেশে ইশরাক হোসেনের মেয়র শপথ নিয়ে রিট হয়েছে। তাহলে কি আইন ব্যক্তি ও শহরভেদে পরিবর্তনশীল?”
শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, “মিয়ানমারের করিডর বিষয়ে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের খোলামেলা আলোচনায় আসা উচিত। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে জনগণ কখনোই তা মেনে নেবে না।”
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়া নিয়ে তিনি বলেন, “আধুনিক বিশ্বের অর্থনীতিতে বৈদেশিক অংশগ্রহণ অস্বাভাবিক নয়। তাই পুরনো ধ্যানধারণা থেকে বেরিয়ে আসা দরকার।”
বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক, লেখক অনিন্দ্য আরিফ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কবি মোহন রায়হান, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক আব্দুন নুর প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী এবং সঞ্চালনায় ছিলেন আকবর খান।












