ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে শান্তির আহ্বান জামায়াত আমিরের
- আপডেট সময় : ১১:৪৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 48
মনোযোগ প্রকাশ ডেস্ক:
কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। এ প্রেক্ষাপটে যুদ্ধ নয়, শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটেছে, যা কারও জন্যই মঙ্গলজনক নয়।”
তিনি আরও বলেন, “এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। বরং সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ ও টেকসই সমাধান খুঁজে বের করাই সবার মঙ্গল।”
ডা. শফিকুর রহমানের এই বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশের অবস্থানকেও ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।












