তারেক রহমানের দেশে ফেরার সুর বাজছে
- আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 50
জৈষ্ঠ্য প্রতিবেদক:
চার মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকালে কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকায় পৌঁছান। তার সঙ্গে ফিরেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকায় পৌঁছেই তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় উঠেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম দীর্ঘ ভ্রমণের পর দেশে ফিরলেও মানসিকভাবে সুস্থ আছেন। দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় তার আগের মতোই অটুট রয়েছে। দেশবাসীর দোয়া ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”
খালেদা জিয়ার চিকিৎসা ও বিএনপির রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “এই ফেরার মধ্য দিয়ে আমরা নতুন শক্তি পেয়েছি। ইনশাআল্লাহ, সেই দিন আর বেশিদিন নয়, তারেক রহমান মাঠে এসে সরাসরি নেতৃত্ব দেবেন। এখন যেমন ব্রিটেন থেকে দল পরিচালনা করছেন, তেমনি খুব শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে থাকবেন।”
তিনি আরও জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে দেশে অবস্থান করছেন। তিনি আবার ফিরে গিয়ে পরিবারসহ স্থায়ীভাবে দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা করছেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। অন্যদিকে, তার মেয়ে জাইমা রহমান সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে বিদেশে থাকা পরিবারের সদস্যদের সক্রিয় ভূমিকার বার্তা দিয়েছেন।
এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের ভবিষ্যৎ গতি-প্রকৃতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।












