জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক, মৌলিক সংস্কারের রূপরেখা পেশ
- আপডেট সময় : ১২:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 85
জৈষ্ঠ্য প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। বৈঠকের সূচনায় বক্তব্য দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি জানান, আগের আলোচনায় কিছু বিষয়ের সমাধান হয়নি এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করাও সম্ভব হয়নি। আজকের বৈঠকের মাধ্যমে সেসব বিষয়ে অগ্রগতি আশা করা হচ্ছে।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, “কমিশনের লক্ষ্য আগামী ১৫ মে’র মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা সম্পন্ন করে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া। এর মধ্য দিয়ে একটি জাতীয় সনদ প্রণয়নের পথ সুগম হবে, যা ভবিষ্যতের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর রূপরেখা দেবে।”
বৈঠকে এনসিপির পক্ষ থেকে সদস্য সচিব আখতার হোসেন একটি মৌলিক সংস্কার প্রস্তাবনার রূপরেখা জমা দেন। প্রস্তাবনায় ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি নতুন শাসনব্যবস্থা গঠনের আহ্বান জানানো হয়।
এই প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “এই রূপরেখা দ্বিতীয় পর্যায়ের আলোচনায় প্রতিফলিত হবে। মৌলিক সংস্কারের এই প্রস্তাব আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। এনসিপির অন্যান্য প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।












