খালেদা জিয়ার প্রত্যাবর্তনে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান ফখরুলের
- আপডেট সময় : ১২:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 53
মনোযোগ প্রকাশ ডেস্ক:
চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার এই প্রত্যাবর্তন ঘিরে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কাতারের আমিরের পাঠানো ‘রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে’ করে আগামীকাল (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া।”
ফখরুল বলেন, “এই সময়ে এসএসসি পরীক্ষার্থীরাও পরীক্ষার উদ্দেশ্যে বের হবে। তাই দলের সকল নেতাকর্মীকে অনুরোধ করছি— ফুটপাথে অবস্থান নিন, কিন্তু যেন কেউ সড়কে না নামেন।”
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আহ্বান জানিয়েছেন, যাতে কেউ রাস্তা দখল না করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তাঁর দুই পুত্রবধূ— ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন, উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ আরও নয়জন সহযাত্রী।
জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৪টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণ করবে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নেত্রীর স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় সংবেদনশীলতা বজায় রেখে সকল কর্মসূচি ও অভ্যর্থনা কার্যক্রম পরিচালিত হবে।












