সকল রাজনৈতিক দলকে বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান তারেক রহমানের
- আপডেট সময় : ০৯:০০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / 54
নিজস্ব প্রতিবেদক:
দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে একযোগে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে ‘আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “যারা বিগত সময়ে সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে এবং এসব সিদ্ধান্তের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে।”
তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে ‘স্বৈরাচারী শক্তির পুনরুত্থানের সুযোগ’ বলে অভিহিত করেন। সেই সঙ্গে তিনি বলেন, “করিডোর সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নির্বাচিত সংসদের মাধ্যমেই গ্রহণ করা উচিত।”
তারেক রহমান বলেন, “দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সকল রাজনৈতিক দলকে জনগণের আদালতে ওঠার সুযোগ দিতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে হলে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত না হলে জনগণ কখনোই তাদের প্রকৃত প্রতিনিধি পাবে না।”
তারেক রহমানের বক্তব্যে জোর দিয়ে বলা হয়, গণতন্ত্র ও সুশাসনের পথে ফিরতে হলে রাজনৈতিক দলগুলোকে দলগত স্বার্থ নয়, বরং রাষ্ট্রের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।












