নগর ভবনে ইশরাক সমর্থকদের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
- আপডেট সময় : ১০:১৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 60
অনলাইন ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেন সমর্থিত জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নগর ভবনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক ইউনিয়নের এক পক্ষের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স দলবল নিয়ে নগর ভবনে প্রবেশের সময় আরেক পক্ষের সভাপতি আরিফ চৌধুরীর অনুসারীরা বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় নগর ভবনে উপস্থিত সাধারণ লোকজনও আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার একপর্যায়ে আরিফুজ্জামান প্রিন্সের অনুসারী সন্দেহে নগর ভবনের প্রশাসন শাখার কম্পিউটার অপারেটর শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করতে গেলে ইশরাক অনুসারীরা বাধা সৃষ্টি করে। পরে আরেকজনকে একইভাবে গণপিটুনি দিয়ে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
আরিফুজ্জামান প্রিন্স বলেন, ‘‘ইশরাক হোসেন নগর ভবনে সেবা চালুর ঘোষণা দেওয়ার পর বহিরাগত কিছু লোক নিয়মিতভাবে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিচ্ছে। আজ আমরা কর্মচারীরা একত্রে ভবনে ঢুকতে গেলে আমাদের ওপর হামলা হয়।’’
অন্যদিকে আরিফ চৌধুরী বলেন, ‘‘আমরা প্রতিদিনের মতো আজও শান্তিপূর্ণভাবে এখানে ছিলাম। হঠাৎ বহিরাগতরা হামলা চালিয়ে আমাদের আটজনকে আহত করেছে।’’
সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। নাগরিক টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান শিশির জানান, তিনি ভিডিও ধারণ করার সময় ইশরাক অনুসারীরা তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে সব ছবি ও ভিডিও মুছে ফেলেন এবং ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেন। এনটিভির রিপোর্টার নাজিবুর রহমানও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।
পুলিশ ঘটনার পর দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগর ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।











