মালয়েশিয়ায় রহস্যজনকভাবে প্রাণ হারালেন কুড়িগ্রামের সবুজ মিয়া
- আপডেট সময় : ০৪:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 139
অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী নয়াপাড়া গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী সবুজ মিয়া (২৯) গত ২২ জুন ২০২৫, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে মালয়েশিয়ায় একা একটি কক্ষে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবাসে তার এমন অস্বাভাবিক মৃত্যু ঘিরে দেখা দিয়েছে নানামুখী প্রশ্ন ও উদ্বেগ।
জানা গেছে, ঘটনার দিন রাত ১১টার দিকে এক সিকিউরিটি গার্ড প্রথমে জানালা ও দরজা খোলা অবস্থায় একটি কক্ষে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত কয়েকজনকে নিয়ে ঘরে প্রবেশ করেন। ওই ঘরে প্রবেশ করতেই তারা দেখতে পান, এক ভারতীয় তামিল নাগরিক মোবাইল ব্যবহার করছিলেন। তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ঘটনার ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ বিষয়টি পরে নিশ্চিত করেন প্রবাসে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিক।
উল্লেখ্য, গত ৭ জুন ২০২৫ ঈদুল আজহার দিন মালয়েশিয়ায় অবস্থানকালে সবুজ মিয়ার সঙ্গে এক ভারতীয় নাগরিকের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর সেই ভারতীয় নাগরিক উপস্থিত ব্যক্তিদের জানান, সবুজ মিয়া পারিবারিক সমস্যায় ভুগছিলেন এবং নিজেই আত্মহত্যা করেছেন।
তবে ঘটনাস্থলে উপস্থিত প্রবাসীদের দাবি এবং পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর ঠিক এক ঘণ্টা আগেই সবুজ মিয়া তার পরিবারের সকল সদস্যের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন। কোনো ধরনের মানসিক অস্থিরতা বা বিপর্যয়ের ইঙ্গিত তিনি তখন দেননি। কথোপকথনের কিছুক্ষণ পর হঠাৎ পরিবারের কাছে খবর আসে—সবুজ মিয়া আর নেই।
ঘটনার পর এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবারের সদস্যরা মনে করছেন, এটি নিছক আত্মহত্যা নয়—এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তারা এ বিষয়ে গভীর তদন্তের দাবি জানিয়েছেন।
সবুজ মিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।











