আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা
- আপডেট সময় : ০৩:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 32
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া উল্লিখিত বিভাগগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার ক্ষেত্রে পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী দিনগুলোতেও একই আবহাওয়া বিরাজ করবে। ২৫ ও ২৬ আগস্ট দেশের বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ২৭ আগস্ট নাগাদ বৃষ্টিপাতের মাত্রা বাড়বে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশে বাড়তি আর্দ্রতা এনে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়াবে। তবে পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
















